খুলে দেয়া হলো গুগল ক্যাশ সার্ভার, মোবাইলও চলছে ব্রডব্যান্ড ইন্টারনেটে
দেশজুড়ে ইন্টারনেট ব্যবহারের সুঅভিজ্ঞতা ফিরিয়ে আনতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে খুলে দেয়া হয়েছে গুগল’র ক্যাশ সার্ভার। একইসঙ্গে ফেসবুক, টিকটক, আকামাই ও বাইসন সিডিএন যেনো নেটওয়ার্কে সচল না থাকে সে জন্য আইআইজিগুলোকে নির্দেশনা দিয়েছে বিটিআরসি।
ইউটিউব, ক্লাউড ফেয়ার, মেইল এর মতো সেবাগুলো গুগলের এই ক্যাশ সার্ভারে থাকে। ফলে গুগল আপ হয়ে গেলে এর সার্ভিস এবং নেটের গিতিও অনেকাংশে ভালো হয়ে যাবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। তবে অন্যগুলো বন্ধ থাকায় স্বাভাবিক অবস্থায় ফিরতে আরো কিছুটা সময় লাগবে এবং দেশের ব্যান্ডউইথের ওপর চাপ বাড়বে বলে মনে করেন তারা।
সূত্রমতে, ২৫ জুলাই দুপুরে বিটিআরসি ভবনে এ নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সংস্থার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এই নির্দেশনা দেয়া হয়। ফেসবুক, টুইটার এর সঙ্গে বৈঠক না হওয়া পর্যন্ত এই সার্ভারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
নাম পরিচয় গোপন রেখে বিটিআরসির একজন কর্মকর্তা জানান, গুগলের সব ক্যাশ সার্ভার চালুর জন্য আইআইজিকে নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাশ সার্ভারের মধ্যে গুগলের সব সেবা রয়েছে। তবে ফেসবুক বন্ধ থাকছে। গুগলের ক্যাশ সার্ভারগুলো যখন চালু হয়ে যাবে তখন ইন্টারনেটের গতি বাড়বে। যেমন- সিঙ্গাপুর থেকে ডাউনলোড করতে সময় লাগে। এর পরিবর্তে দেশে সরাসরি ডাউনলোড হলে গতি বাড়ে।
খাত সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা গেছে, দেশে বিভিন্ন স্থানে স্থাপিত মেটার সার্ভারে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম ও মেসেঞ্জার; বাইসনে টিকটকসহ সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট, আকামাই-এ ফ্রিফায়ার, পাবজি, বিভিন্ন ওয়েব কন্টেন্ট, ক্লাউড ফেয়ার রয়েছে। আইআইজি’র অধীনে থাকা এই ক্যাশ সার্ভারগুলো ব্যবহারকারীর ইন্টারনেট ব্যাবহার অভিজ্ঞতাকে ভালো করে। দেশের তথ্য দেশের সার্ভার থেকেই মেলে।
আইএসপি’র কাছে ৬৫টিসহ দেশজুড়ে প্রায় আড়াইশ’র মতো গুগল ও মেটা;র সার্ভার রয়েছে। আকামাই ও বাইসনে সংখ্যা গোটার ১৫ এর বেশি নয়। তবে গুগল বাদে অন্য সার্ভারগুলো চালু থাকায় ইন্টারনেটের ব্যান্ড উইথে ওপর চাপ বাড়বে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা।
তাই গুগল সার্ভার খুলে দেয়ায় সেবার মান আগের চেয়ে স্মুথ হবে বলে মন্তব্য করেছেন আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক। তিনি জানিয়েছেন, দেশে মোবাইলের এক কোটি ১০ লাখ গ্রাহকের তিন হাজার জিবিপিএস ব্যান্ডউইথের ভারও পড়েছে ব্রডব্যান্ড ইন্টারনেটের সাড়ে তিন হাজার জিবিপিএস ব্যান্ডউইথের ওপর। তাই ব্রডব্যান্ডের হাতে এতো ব্যান্ডউইথ না থাকায় গতি কম মনে হতে পারে।
তবে আইএসপিএবি সভাপতি আশা করেন, গুগলের যেহেতু সব সেবা চালু হয়ে গেছে, এখন আস্তে আস্তে ইন্টারনেটের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে।







